কক্সবাজার, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে এই অভিযানে কাউকে আটক করা যায়নি বলে বিজিবি কর্মকর্তারা জানান।
কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ছয়টি ছোট প্যাকেটে রাখা মালিকবিহীন এক কেজি ৮৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া হেরোইনের দাম প্রায় ৩৭ লাখ ৯৪ হাজার টাকা।
বিজিবি কর্মকর্তা আরো বলেন, জব্দ করা হেরোইন রাসায়নিক পরীক্ষার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.
bdnews24