চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে আলাদা তদন্ত কমিটি করতে বলা হলেও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বিষয়টি এড়িয়ে যান বলে জানিয়েছেন বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান ইমামুজ্জামান।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে অস্ত্র ও চোরাচালান মামলায় সাক্ষ্য দিতে গিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমাম এ কথা জানান।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএল’র সংরক্ষিত জেটি ঘাটে খালাসের সময় ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
ইমামুজ্জামান বলেন, “ওই সময়ে মন্ত্রীকে জানালে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। যেহেতু এসব অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা নিচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষে আলাদাভাবে করার কিছু নেই।”
“ঘটনাস্থল সিইউএফএল জেটি ঘাট শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি’র একটি প্রতিষ্ঠান হওয়ায় শিল্প মন্ত্রণালয়ের থেকে তদন্ত বা অনুসন্ধান কমিটি করলে ভালো হয় বলে আমি মত দিয়েছিলাম। কিন্তু উনি (নিজামী) এর উত্তর দেননি। মনে হল উনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন,” আদালতে বলেন তিনি।
অস্ত্র আটকের পর নিজামীকে বেশ চিন্তিত ও গম্ভীর দেখাচ্ছিল বলে ইমামুজ্জামান জানান।
বেলা সোয়া ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত সাক্ষ্য দেন বিসিআইসির সাবেক চেয়ারম্যান। এরপর আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করার পর বিচারক সাক্ষ্য গ্রহণ ১৪ মার্চ পর্যন্ত মুলতবি করেন।
বুধবার এই মামলায় সাবেক শিল্পসচিব ড. শোয়েব আহমেদ সাক্ষ্য দিয়েছিলেন।
সাক্ষ্যে বিসিআইসির সাবেক চেয়ারম্যান বলেন, ঘটনার সাত দিন পর সিইউএফএল’র তৎকালীন ব্যবস্থাপক এনামুল হক একটি দায়সারা প্রতিবেদন পাঠান। এতে আটক অস্ত্র ও গোলাবারুদকে মালামাল হিসেবে উল্লেখ করা হয়।
সাক্ষ্য গ্রহণের আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক দুই গোয়েন্দা প্রধানসহ ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। অসুস্থ থাকায় আসামি সিইউএফএল’র সাবেক জিএম এনামুল হককে আদালতে হাজির করা হয়নি।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অস্ত্র আটকের এই ঘটনায় কয়েক দফা অভিযোগপত্র দেওয়ার পর পুনরায় অধিকতর তদন্ত শেষে গত বছরের ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র জমা দেয় তদন্ত কর্মকর্তা। এতে নিজামী-বাবরসহ ১১ জনকে নতুন করে আসামি করা হয়।
আসামিদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন ও উলফানেতা পরেশ বড়–য়া পলাতক রয়েছেন।
গত বছরের ২৯ নভেম্বর বহুল আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24