চাঁদপুর, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বিএনপির গণমিছিলে সংঘর্ষের দিন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলসহ ১১ জনের নামে মামলা হয়েছে।
গত ২৯ জানুয়ারির ওই ঘটনায় করা এ মামলায় অজ্ঞাত পরিচয় আরো ৫০/৬০ জনকেও আসামি করা হয়।
বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুর সদর মডেল থানায় মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি ওমর ফারুক তালুকদার।
সদর মডেল থানার ওসি জাকের হোসাইন মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ জানুয়ারি গণমিছিলের নামে চাঁদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির ছবি সম্বলিত সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ভাংচুর করা হয়।
ঘটনার এতদিন পর মামলা দায়ের সম্পর্কে বলা হয়, আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করতে সময় লাগায় মামলাটি দেরিতে হয়।
গত ২৯ জানুয়ারি চাঁদপুরে বিএনপির গণমিছিলের চেষ্টাকালে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে গুলিতে লিমন, আবুল হোসেন মৃধা নিহত হন।
এদিনের ঘটনায় এর আগে তিনটি মামলা হয়েছে। মামলাগুলো মধ্যে বিস্ফোরক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির দায়ে দু’টি এবং নিহত আবুল হোসেনের স্ত্রী একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯০৩ ঘ.
bdnews24