ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিন বছরে দেশের বিদ্যুতের সঞ্চালন ও ব্যবস্থাপনা ঘাটতি (সিস্টেম লস) ১৩ দশমিক ২২ শতাংশ কমেছে। এতে দেশে বর্তমানে সিস্টেম লসের পরিমাণ ১৫ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে।
বিদ্যুৎ খাতের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
বিদ্যুৎ বিভাগ থেকে সভায় জানানো হয়, দেশে বর্তমানে ৫৬ হাজার প্রিপেইড মিটার ব্যবহার করা হচ্ছে। আরো প্রায় দুই লাখ প্রিপেইড মিটার সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত তিন বছরে দেশের বিদ্যুৎ উৎপাদনের হার বেড়েছে গড়ে ১৩ দশমিক ৫০ শতাংশ, ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত গড়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির হার ৭ শতাংশ।
দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে মোট ৭ হাজার ৬৬৩ মেগাওয়াট। তবে বিদ্যুতের উৎপাদন হচ্ছে গড়ে ৫ হাজার ৩০০ মেগাওয়াটের মধ্যে। এই সরকারের তিন বছরে জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ এসেছে ২ হাজার ৯৪৪ মেগাওয়াট।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত তিন বছরে দেশে বিদ্যুৎ খাতের উন্নয়ন ও উৎপাদন খাতে মোট ৫২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ার কথা ৫ হাজার ৫০০ মেগাওয়াট। কিন্তু নতুন বিদ্যুৎ এসেছে দুই হাজার মেগাওয়াট।
বর্তমানে আরো ২৭টি প্রকল্পের কাজ চলছে। এতে আরো বিদ্যুৎ আসবে সাড়ে তিন হাজার মেগাওয়াট। এছাড়া আরো পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩০টি দরপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
সচিব বলেন, গত ২০১০-১১ অর্থবছরে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে মোট বরাদ্দ ছিল ৫ হাজার ৯৬৮ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বরাদ্দ দেওয়া এর অর্থের মধ্যে ৯৯ শতাংশই ব্যবহার করা সম্ভব হয়েছে। চলতি বছর এডিপিতে মোট বরাদ্দ হয়েছে সাত হাজার ১৫২ কোটি টাকা। ইতোমধ্যে এ বরাদ্দ থেকে তিন হাজার ৫৮৭ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে।
বিদ্যুতের মূল্য নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটি তুলনামূলক চিত্রও তুলে ধরেন মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে আবাসিক খাতে বিদ্যুতের মূল্য গড়ে ইউনিট প্রতি দুই টাকা ৮৭ পয়সা। কৃষিখাতে এ মূল্য দুই টাকা ১৩ পয়সা।
অথচ প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে ইউনিটপ্রতি বিদ্যুতের মূল্য তিন টাকা ৮৮ পয়সা, শ্রীলংকায় তিন টাকা ৮৫ পয়সা ও নেপালে ছয় টাকা আট পয়সা।
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে ১০ লাখ পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করছে। আগামী ২০১৪ সালের মধ্যে এ সংখ্যা ২৫ লাখে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/২২৩৬ ঘ.
bdnews24