২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো জমি নয়, আংশিক দিতে চায় সওজ

সড়ক ভবনের পুরো জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ থাকলেও মাত্র শূন্য দশমিক ৬৭ একর জমি দিতে চায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবনের পুরো জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ থাকলেও মাত্র শূন্য দশমিক ৬৭ একর জমি দিতে চায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল আলমের সই করা এই চিঠি সোমবার সুপ্রিম কোর্টের নিবন্ধকের দপ্তরে এসেছে। হাইকোর্টে এ সংক্রান্ত রিট আবেদনে ওই জমির পরিমাণ ৭ দশমিক শূন্য ৯ একর বলে উল্লেখ করা হয়েছে। জমির অংশ বিশেষ সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে সওজের এই উদ্যোগকে আদালত অবমাননার শামিল বলে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম। গত বছরের ১০ মার্চ হাইকোর্ট এক রায়ে সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা জমিকে সুপ্রিম কোর্টের সম্পত্তি ঘোষণা করে ৯০ দিনের মধ্যে তা বুঝিয়ে দিতে নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে উভয় প্রতিষ্ঠান আপিলের আবেদন করে। শুনানি শেষে একই বছরের ২৮ জুলাই বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ উভয় আবেদনই খারিজ করে। সর্বোচ্চ আদালতের এই রায়ের পর সরকারের উচ্চ পর্যায় থেকে সময় চেয়ে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে দেন দরবার করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমান যোগাযোগমন্ত্রীও শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে সময় চান। গত ২৪ অক্টোবর ১৫ দিনের মধ্যে ওই জমি বুঝিয়ে দেওয়ার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং শিশু একডেমীকে নোটিস দেয় হাইকোর্টে রিটকারী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অ্যাডভোকেট মনজিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের রায় অনুযায়ী সড়ক ভবনের পুরো জমি সুপ্রিম কোর্টের। এর অংশ বিশেষ সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়া রায়ের অপব্যাখ্যা মাত্র। আমরা এ বিষয়ে আদালত অবমাননার আবেদন দাখিল করব।” শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশ পুরো বাস্তবায়ন তো তারা করেইনি। উপরন্তু শূন্য দশমিক ৬৭ একর জমি বুঝিয়ে দিতে আমাকে চিঠি দিয়েছে।” “ওই জমিতে কেয়ারটেকার বিল্ডিং, আনসার বিল্ডিং, পাম্প হাউজ, ২টি স্টোর রুম ছিল। আজ তারা এই সব ভবনের দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে,” বলেন নিবন্ধক। তিনি বলেন, একটি জায়গা সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেবে বলে সেই জায়গায় থাকা সম্পত্তির ক্ষতি সাধন করার অধিকার কারো নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১৩৫ ঘ.