২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সন্ত্রাসীর বোমায় পুলিশ আহত, গ্রেপ্তার ৪

মেহেরপুরের গাংনী উপজেলায় সন্ত্রাসীদের ছোঁড়া বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

মেহেরপুর, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় সন্ত্রাসীদের ছোঁড়া বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার ভোরে পশ্চিম মালশাদহ গ্রামে এ ঘটনার পর অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হয়েছেন- গাংনীর চাঁদপুর গ্রামের হাসান (২৫), সুরুজ আলী (২১), ইয়াদুল হক (২৬) ও নূহ (২৮)। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি বোমা, দু’টি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও দু’টি রামদা। আহত গাংনী থানার উপ-পরিদর্শক টিপু সুলতানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সন্ত্রাসী গ্র“প মালশাদহ গ্রামে একটি ইটভাটায় চাঁদা নিতে আসবে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ তিন রাউন্ড গুলি করে। “সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে গাংনী থানার উপ-পরিদর্শক টিপু সুলতান মারাত্মক আহত হন,” বলেন লে. সাজ্জাদ। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার সন্ত্রাসীদের বিরুদ্ধে গাংনী, আলমডাঙ্গা ও মিরপুর থানায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, বোমাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮০০ ঘ.