ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল সঙ্কোচন এবং বেসরকারকারিকরণ না করে রাষ্ট্রীয় মালিকানায় রেলসেবা নিশ্চিত করতে ১৬টি দাবি উত্থাপন করেছেন সিপিবি নেতা জসিমউদ্দিন মণ্ডল।
তার দাবির মধ্যে রয়েছে রেল ইঞ্জিন ও বগির সংখ্যা বাড়ানো, রেলের জমি পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ, ওয়ার্কশপগুলির আধুনিকায়ন, বড় শহর ও উপশহরগুলোতে শাটল ট্রেন চালু, দুর্নীতিমুক্ত স্বচ্ছ রেল প্রশাসন গড়ে তোলা, স্বতন্ত্র রেল বাজেট দেওয়া ইত্যাদি।
শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেল শ্রমিকদের এই নেতা দাবিগুলো তুলে ধরে বলেন, এক মাসের মধ্যে রেল খাত সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব না এলে আগামী ১০ মার্চ দিনব্যাপী অনশন করবেন তিনি।
জসিম মণ্ডল দীর্ঘদিন ধরে রেলশ্রমিক আন্দোলনে যুক্ত রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর সঙ্গেও একই শ্রমিক ইউনিয়নে কাজ করেন তিনি।
জসিম মণ্ডল বলেন, “বিশ্বব্যাংক-আইএমএফসহ দাতা গোষ্ঠীগুলোর পরামর্শেই মূলত সরকার রেলখাতকে অবহেলা করছে। সাধারণ মানুষের পকেট কাটার জন্যই রেল খাতকে পরিকল্পিতভাবে দুর্বল করে সড়ক পরিবহন খাতকে শক্তিশালী করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমও ছিলেন। এছাড়াও ছিলেন সিপিবি নেতা মাহাবুব আলম, লক্ষ্মী চক্রবর্তী, রেলশ্রমিক নেতা আবু সাইদ, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শুভ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২৩৩০ ঘ.
bdnews24