মৌলভীবাজার, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নন্দরাণী চা বাগান দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির কারণে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার বিকালের এ সংঘর্ষে নিহতরা হলেন- বাগানের দখলে থাকা কর্তৃপক্ষ সাউথ এশিয়ান ইন্টারনেশনাল লিমিটেডের সচিব কাজী ফখরুল ইসলাম এবং জাহিদ নামের স্থানীয় এক ব্যক্তি।
আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষ চলাকালে দু’টি গাড়ি, ব্যবস্থাপকের বাংলোয় অগ্নিসংযোগসহ ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয়রা তিনজনের মৃত্যুর কথা বললেও পুলিশ তা নিশ্চিত করেনি।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের পর উত্তেজনার সৃষ্টি হওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চা বাগান ও এর আশপাশ এলাকায় ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী রাত ৮টার দিকে এ আদেশ জারি করেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আহাদুজ্জামান দু’জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বিকাল সাড়ে ৫টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নন্দরাণী চা বাগানের দখল নিয়ে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।”
তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির এ ঘটনা ঘটেছে। এখন পুরো চা বাগান এখন জনশূন্য হয়ে পড়েছে।
সাউথ এশিয়ান ইন্টারনেশনাল লিমিটেড’র মালিকানাধীন নন্দরানী চা বাগানের জেনারেল ম্যানেজার জহির আহমদ চৌধুরী বলেন, এ বাগানের আগের মালিক ছিলেন সিলেটের জনৈক নির্মল চৌধুরী। ১৫-১৬ বছর আগে সাউথ এশিয়ান ইন্টারনেশনাল লিমিটেডের কাছে নির্মল চৌধুরীর পক্ষে স্ত্রী শুক্লা চৌধুরী নন্দরানী চা বাগান হস্তান্তর (বন্দোবস্ত) করেন। শুক্লা চৌধুরী মারা যাওয়ায় ১২ বছর পর তার ধর্মান্তরিত হওয়া মেয়ে সুভ্রতা আহমেদ চৌধুরী অনিকা ২০১১ সালের অক্টোবরে আবার মালিকানা দাবি করে সিলেটের শাহাদত রহিম চৌধুরীর কাছে মালিকানা হস্তান্তর করেন। গত ৮ ফেব্রুয়ারি শাহাদত রহিম চৌধুরীর লোকজন বাগানের দখল নিতে গিয়ে ব্যর্থ হয়।
এ ঘটনায় নন্দরানী চা বাগানের পক্ষে মহাব্যবস্থাপক জহির আহমদ চৌধুরী জানমালের নিরাপত্তা চেয়ে গত ৯ ফেব্রুয়ারি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরো জানান, শুক্রবার বেলা দেড়টায় পুলিশের এএসপি (সার্কেল) আহাদ আলীর উপস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু উভয় পক্ষের সঙ্গে সমঝোতার আলোচনা করছিলেন। বেলা ৩টার দিকে হঠাৎ করে প্রতিপক্ষের পাঁচ শতাধিক ভাড়াটে লোক হামলা চালায়। এসময় উভয়পক্ষের মাঝে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।
তিনি বলেন, হামলাকারীরা ব্যবস্থাপকের বাংলো, অফিস ভবন ও চা বাগানের দু’টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। ব্যাপক ভাংচুরও করেছে।
পুলিশের উপস্থিতিতে দুপুর থেকে হামলাকারীরা বাগানের বাইরে বিভিন্ন স্থানে অপেক্ষা করছিল বলে তিনি অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24