ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ডেমরায় আড়াই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ডেমরার বামৈল এলাকার টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে মাহিন নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
ডেমরা থানার ওসি নুরুল মুত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি জানান, সকালে মা লিজা বেগম মাহিনকে স্বামীর কাছে রেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। বিকালে বাসায় ফিরে ঘরে তালা দেখতে পান।
বিষয়টি সন্দেহ হলে লিজা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মাহিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
ঘটনার পর মাহিনের বাবা হৃদয়কে পাওয়া যাচ্ছে না।
বাবা শিশুটিকে হত্যা করে পালিয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, তা তদন্ত ছাড়া বলা যাবে না। তবে বাবা যেহেতু পলাতক রয়েছে তাই সন্দেহের তীর তার দিকেই।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উম্মে আবিবা শারমিন (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক।
স্বামীর সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে শারমিন আত্মহত্যা করেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, শারমিনকে অচেতন অবস্থায় তার মা খোরশেদা বেগম ও স্বামী নাদিম হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমিন রাজধানীর আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/২২১৫ ঘ.
bdnews24