২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক খাতে সমন্বিত কাজ চাই: মুহিত

রপ্তানি বাড়াতে পোশাক শিল্পের বিভিন্ন শাখার সদস্যদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি বাড়াতে পোশাক শিল্পের বিভিন্ন শাখার সদস্যদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার পোশাক শিল্পের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম ঢাকা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন চলবে রোববার পর্যন্ত। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়োর্কারর্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস ও তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে এই মেলাটির আয়োজন করেছে। অর্থমন্ত্রী বলেন, “ইউরোপজুড়ে মন্দার মধ্যেও আমাদের পোশাক খাতের রপ্তানি বেড়েছে। এটি এই খাতের সাফল্যের নিদর্শন। তবে এই খাতে বিকেএমইএ, বিজিএমইএ, বিটিএমএ ও শ্রমিকদের সংগঠন আছে। এই খাতের উন্নয়নে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।” দেশে বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে আরো চারটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি জানান। দেশে জনসংখ্যা অনুপাতে ভূমি সঙ্কটের কথা তুলে ধরে মুহিত বলেন, “যে কোনো উন্নয়নেই অনেক জমির দরকার হয়। সারাবিশ্বে সম্ভবত জমির ক্রাইসিস বাংলাদেশেই সবচেয়ে বেশি। তাই অনেকে শিল্প স্থাপন করতে চাইলেও আমরা হয়তো জমি বা প্রয়োজনীয় সহায়তা করতে পারছি না।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজ সভাপতি এ কে আজাদ জ্বালানি সমস্যা সমাধানের তাগিদ দেন। তিনি বলেন, সরকার জ্বালানি খাতে অনেক ভর্তুকি দিতে বাধ্য হচ্ছে। এতে বিদ্যুত সমস্যার অনেকটা সমাধান হয়েছে। তবে গ্যাস সমস্যার সমাধান করা গেলে পোশাক খাত থেকে বছরে ৫০ বিলিয়ন ডলার আয় করা সম্ভব। গত অর্থবছরে (২০১০-১১) তৈরি পোশাক খাতে রপ্তানির আয় ছিল ৩৩ বিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএম/এমআই/২১৫৬ ঘ.