শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে গুলি ‘একেবারে’ বন্ধ করা যাবে না- বিএসএফ প্রধানের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার বলেছে, এটা ভারতের শীর্ষ নেতৃত্বের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
ভারতীয় হাই কমিশনে একটি ‘নোট ভার্বাল’ পাঠিয়ে বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মহাপরিচালক ইউ কে বনসাল মঙ্গলবার বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব নয়।
“যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততক্ষণ সেই অপরাধ বিএসএফকে আটকাতেই হবে। সেটাই এই বাহিনীর দায়িত্ব”, বলেন তিনি।
তার এই বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ সরকার বলেছে, “বিএসএফ প্রধানের এ ধরনের বক্তব্যে আমরা হতাশ, কেননা তার ওই বক্তব্য ভারতের শীর্ষ নেতৃত্বের প্রতিশ্র“তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, “ভারতীয় নেতৃত্ব আমাদের যে প্রতিশ্র“তি দিয়েছেন, তা অনুসরণ করা হবে বলেই আমরা আশা করি।”
ঢাকার মানবাধিকার সংগঠন নাগরিক আন্দোলনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে বিএসএফের হামলায় এক হাজারেরও বেশি বাংলাদেশি নিহত হয়েছে। একই সময়ে বিএসএফের গুলিতে আহত হয় ৯৮৭ জন, অপহৃত হয় অন্তত এক হাজার মানুষ।
দুই মাস আগে চাঁপাইনবাবগঞ্জের এক যুবক রাজশাহী সীমান্তে বিএসএফ সদস্যদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন। ঘুষ দিতে রাজি না হওয়ায় ওই বাংলাদেশিকে নির্দয়ভাবে পেটায় বিএসএফের সদস্যরা। ওই ঘটনায় ধারণ করা একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভারত সরকার।
এরপর নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সীমান্তে বেসামরিক বাংলাদেশি হত্যা ও নির্যাতনের ঘটনায় দোষী বিএসএফ সদস্যদের বিচার চেয়ে এক প্রতিবেদনে বলে, ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী আইনের ঊর্ধ্বে উঠে গেছে কি না- এবার সেটাই প্রমাণ হবে।
এর আগে ২০১০ সালের ডিসেম্বরে ‘ট্রিগার হ্যাপি: এক্সেসিভ ইউজ অব ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দি বাংলাদেশ বর্ডার’ শিরোনামে এইচআরডব্লিউর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সীমান্তে হত্যার ঘটনায় কাছাকাছি সময়ে ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।
তীব্র সমালোচনার মুখে ভারত সরকার সে সময় জানায়, ‘প্রাণঘাতী নয়’- এমন অস্ত্র দেওয়া হবে বিএসএফ সদস্যের হাতে। এরপর বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা কিছুটা কমে এলেও অত্যাচার ও নিপীড়নের ঘটনা চলতেই থাকে।
এই প্রেক্ষাপটে বিএসএফ প্রধানের বক্তব্য গণমাধ্যমে এলে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে বলেন, বিএসএফের নির্যাতনের বিষয়টি ভারতের মানবাধিকার কমিশনকে জানানো হবে। এতেও কাজ না হলে জাতিসংঘে নালিশ জানাবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০৯৩০ ঘ.
bdnews24