চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের পর আগামী ২ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে। ৩ মার্চ বিশ্ববিদ্যালয় খোলার আগের দিন খুলে দেওয়া হবে হলগুলো।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেট বুধবারের রক্তক্ষয়ী সংঘর্ষ তদন্তে একটি কমিটিও করেছে।
দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পরদিন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে বৈঠকে বসে সিন্ডিকেট।
সিন্ডিকেট সদস্য ও প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩ মার্চ বিশ্ববিদ্যালয় খুলবে। হল খুলে দেওয়া হবে ২ মার্চ।”
উপাচার্য বুধবার সংঘর্ষের পর ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন।
সংঘর্ষ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন হয়েছে বলে জানান সিন্ডিকেট সদস্য কামরুল। এছাড়া ১০ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের কথাও জানান তিনি।
তদন্ত কমিটিকে আগামী ১৪ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নূরল আনোয়ারকে। সদস্যরা হলেন- বন ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আহমদ হোসাইন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক ও সদস্য সচিব প্রক্টর ড. নাসিম হাসান।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমানকে করা হয়েছে লিয়াজোঁ কমিটির আহ্বায়ক।
বুধবার দুপুরে ইসলামের ইতিহাস বিভাগের নবীনবরণের দাওয়াপত্র বিলি করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে প্রক্টর ড. নাসিম হাসানসহ উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।
আহতদের মধ্যে দুজন হাসপাতালে মারা যান। তারা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মো. মুজাহিদ এবং ইংরেজি বিভাগের মাসুদ বিন হাবিব।
সংঘর্ষস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যাদের সবাই শিবিরকর্মী। এই ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে তিন শতাধিক শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার পর্যন্ত নিহত দুই জনের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।
নিহত দুজনকেই ছাত্রশিবির নিজেদের নেতা কর্মী বলে দাবি করছে। তবে ছাত্রলীগ বলছে, মুজাহিদ তাদের সংগঠনের কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৫ ঘ.
bdnews24