২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ইস্পাত কারখানা বন্ধ

বিষাক্ত কালো ধোঁয়া নির্গত করে বায়ু দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ইস্পাত কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত কালো ধোঁয়া নির্গত করে বায়ু দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ইস্পাত কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি কারখানাটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ করে দেওয়া কারখানাটি হলো আবুল কাশেম মজুমদারের মালিকানাধীন একে মজুমদার স্টিল মিলস লিমিটেড। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ আদেশ দেন বলে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, একে মজুমদার স্টিল মিলস লিমিটেড কারখানায় দৈনিক ১০ মেট্রিকটন এমএস রড, এঙ্গেল ও ফ্ল্যাট বার উৎপাদিত হয়। অনুসন্ধানে দেখা গেছে, এ কারখানা থেকে গত এক বছরে ৮৪ হাজার ২৪০ ঘনমিটার সীসা, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডযুক্ত ধাতব উপাদান সমৃদ্ধ দূষিত বায়ু নির্গত হয়েছে। “এ কারখানার পরিবেশগত ব্যবস্থাপনা বলতে কিছুই কার্যকর পাওয়া যায়নি। এছাড়া গত দেড় বছর ধরে কারখানার পরিবেশ ছাড়পত্রও নেই।” পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এ স্টিল মিলের কার্যক্রম পরিচালিত হচ্ছিলো বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরো বলা হয়, কারখানায় ধোঁয়া নির্গমনের জন্য ফিউম এক্সট্রাক্টশন সিস্টেম (ধোঁয়া নিষ্কাশন পদ্ধতি) স্থাপন করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৮২০ ঘ.