২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিটিসিএ বিল পাস

ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, যানজটমুক্ত করতে এবং আশপাশের ছয় জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, যানজটমুক্ত করতে এবং আশপাশের ছয় জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন সংসদে পাস হয়েছে। এই আইনের আওতায় যোগাযোগমন্ত্রীকে চেয়ারম্যান করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) গঠন করা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে। সংসদের বুধবারের অধিবেশনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। কাদের মন্ত্রী হওয়ার পর এই প্রথম তার মন্ত্রণালয়ের একটি আইন পাস হলো। বিল পাসের প্রস্তাব ওবায়দুল কাদের দিলেও গত ২৩ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তখন এটি পরীক্ষা করতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলে যোগাযোগমন্ত্রীকে পদাধিকার বলে চেয়ারম্যান করে ডিটিসিএ পরিচালনা পর্ষদ গঠনের কথা বলা হয়েছে। এই আইনে বলা হয়েছে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। পরিচালনা পর্ষদ হবে ৩০ সদস্যের। ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, সাভার, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টঙ্গী ও নরসিংদী পৌরসভার মেয়র, সরকার মনোনীত ঢাকার দুই সংসদ সদস্য, সড়ক ও রেলপথ এবং সেতু বিভাগের সচিব, এলজিআরডি সচিব, নৌ পরিবহন, স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী, রেলওয়ের মহাপরিচালক, বিআরটিসি, বিআরটিএ ও বিআইডব্লিউটিএ ও রাজউক চেয়ারম্যান, ঢাকার বিভাগীয় কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি পদাধিকার বলে পরিষদের সদস্য মনোনীত হবেন। বিলে বলা হয়েছে, মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে পরিবহন নীতিমালা ও স্কিম প্রনয়ন,, অনুমোদন এবং পরিবহন মহাপরিকল্পনা প্রনয়ন ও তা বাস্তবায়নের কার্যক্রম তদারকি করা, বিভিন্ন কর্তৃপক্ষ ও সংস্থার বাস্তবায়িতব্য পরিবহন সংশ্লিষ্ট প্রকল্পগুলোর চূড়ান্ত নকশা অনুমোদন, পার্কিং নীতিমালা প্রণয়ন, টার্মিনাল ও যানবাহন ডিপো স্থাপনার পরিকল্পনা প্রণয়ন গণপরিবহনের ভাড়া নির্ধারণ ইত্যাদি কাজ করবে ডিটিসিএ। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, জাইকা, এডিবি, বিশ্বব্যাংক যথাক্রমে এমআরটি-৬, গ্রেটার ঢাকা আরবান করিডোর ইমপ্র“ভমেন্ট প্রজেক্ট এবং ক্লিন এয়ার সাসটেইনেবল এনভায়রনমেন্ট প্রজেক্ট (সিএএসই) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শক্তিশালী ডিটিসিবি গঠন ও গণপরিবহনের রেগুলেটরি অথরিটিতে রূপান্তরের সুপারিশ করে। আগে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড ছিল, যারা যানবাহনের বিষয়গুলো সমন্বয় করত। ডিটিসিএ হওয়ায় তা বিলুপ্ত হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২০১২ ঘ.