২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের কর ফাঁকির মামলা কেন অবৈধ নয়: হাইকোর্ট

বিএনপি নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের কর ফাঁকি মামলার কার্যক্রম কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের কর ফাঁকি মামলার কার্যক্রম কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। মওদুদের এক রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি মির্জ্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়। অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর), মামলার বাদী এনবিআরের ডেপুটি কর কমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হোসেনসহ ছয় জনকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। গত ১৫ জানুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করে এনবিআর। এতে বলা হয়, ১৯৯৬-৯৭ এবং ১৯৯৯-২০০৬ করবর্ষে মওদুদ আহমদ ২৭ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৭৮ টাকা আয়ের তথ্য গোপন করে ৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা কর ফাঁকি দিয়েছেন। মামলা দায়েরের দিনই জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক সাবেক আইনমন্ত্রী মওদুদকে ৭ ফেব্র“য়ারি আদালতে হাজির হতে বলেন। পরে ১৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন নেন মওদুদ। মঙ্গলবার তার আইনজীবী ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে সময়ের আবেদন করলে বিচারক জহুরুল হক শুনানির জন্য ২০ মার্চ দিন রাখেন। এদিন আদালতে হাজির হওয়ার কথা থাকলেও মওদুদ আসেননি। ব্যরিস্টার মওদুদ আহমেদের আইনজীবী একেএম এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের ৩১ অগাস্ট মওদুদ আহমদের বিরুদ্ধে একই ধরনের একটি মামলা করা হয়। পরে ওই বছরের ৮ সেপ্টেম্বর দেওয়া এক আদেশে হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয়। হাইকোর্টে মওদুদের পক্ষে ছিলেন ব্যরিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএন/আরএ/১৫২০ ঘ.