২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ১৭ জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার

দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও এর সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও এর সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রচুর ‘ধর্মীয় উস্কানিমূলক’ বই ও সিডি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর শহরের একটি ছাত্র মেসে বৈঠক করার সময় ছাত্র শিবিরের তিন নেতা-কর্মীকে নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ‘ধর্মীয় উস্কানিমূলক’ বই, সিডি, পোস্টার ও অন্যান্য সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শেরপুর সদর উপজেলার খুনুয়া গ্রামের মৃত চাঁন মামুদের ছেলে জেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ আনোয়ার (২৬), শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে জেলা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম (৩০) ও নালিতাবড়ি উপজেলার রাজনগর গ্রামের ফজল হকের ছেলে ছাত্র শিবিরের জেলা শাখার সদস্য আমিনুর রসুল (২৭)। তাদের শেরপুর সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত সিডি, বই, পোস্টার, কম্পিউটারসহ অন্যান্য জিনিসপত্র জেলা ছাত্র শিবিরের সভাপতি সাজুর বলে জানিয়েছে তারা। খুলনা প্রতিনিধি জানান, রোববার রাত ও সোমবার সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে খুলনা মহানগরী পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জামায়াতে ইসলামীর ১৯ নং ওয়ার্ড সভাপতি ডা. ফজলুর রহমান, আব্দুর রশিদ, আবু তালেব, ইসলামী ছাত্রশিবিরের মঈনউদ্দিন আহমেদ, আসিফ হোসেন, শুভ আহমেদ, ওবায়দুল্লাহ আল মাহামুদ, শোয়ায়েব, আরজ আলী, এইচএম সানাউল্লাহ ও মুত্তাসিম বিল্লাহ। খুলনা সদর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, নগরীতে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে এমন তথ্য পাওয়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের হাজতে পাঠানো হয়েছে। এদিকে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের খুলনা মহানগরী শাখার উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার নেতারা। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর শহরে প্রচুর জিহাদী বই ও সিডিসহ এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রব সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে শহরের গুয়াখোলা এলাকার একটি মেস থেকে এক শিবিরকর্মীকে আটক করা হয়। আটক শিবির কর্মী মো. হোসাইন (২৪) শিবিরের চাঁদপুর শহর স্কুল শাখার প্রচার সম্পাদক। তিনি সদর উপজেলার শাহতলী কামিল মাদ্রাসার কামিলের ছাত্র। এ সময় ৩২টি বিভিন্ন প্রকারের ‘ধর্মীয় উস্কানিমূলক’ বই, তিনটি সিডি, একটি ক্যাসেট ও শিবিরের চাঁদা তোলার রশিদ উদ্ধার করা হয় বলে জানান এসআই আব্দুর রব। পটুয়াখালী প্রতিনিধি জানান, বেশকিছু ‘ধর্মীয় উস্কানিমূলক’ বইসহ পটুয়াখালীর দুমকি উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা সেকান্দার আলীকে রোরবার গভীর রাতে আটক করে পুলিশ। দুমকি থানার ওসি এসএম শাহ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে ৫৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার বাসা থেকে প্রচুর পরিমাণ সাংগঠনিক বই, পত্রিকা ও পরিকল্পনা সূচির কাগজপত্র উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/পিডি/২২৪৯ ঘ.