ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই জনকে গুলি করে ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
তবে পুলিশ বলেছে, ২৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। সোমবার বিকাল পৌনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত দুইজন হলেন, আমজাদ আলী রাসেল (৩৬) ও শাহিনুল আলম (৩০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাসেলের ডান পায়ে ও শাহিনুলের কোমরে গুলি লাগে বলে পুলিশ জানায়।
হাসপাতালে রাসেল সাংবাদিকদের বলেন, এলিফ্যান্ট রোডের এনসিসি ব্যাংক থেকে ২৮ লাখ টাকা উঠিয়ে নিচে নেমে আসার সময় ৪/৫ জন সন্ত্রাসী তাদের দুইজনকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ সময় তাদের ধানমণ্ডি ১৪ নম্বরের ‘চিকস এণ্ড ফিড’ এর পরিচালক গোলাম মোস্তফা তাদের সঙ্গে ছিলো বলে তিনি জানান।
নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি প্রাইকেটকারে করে ওই প্রতিষ্ঠানের তিন জন এনসিসি ব্যাংক থেকে ২৩ লাখ ১২ হাজার টাকা উঠিয়ে ব্যাংক থেকে নিচে নামার সময় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বার বার পুলিশ প্রহরায় টাকা লেনদেনের কথা বলা হলেও কেউ পুলিশের সাহায্য নেয় না। ফলে এ ঘটনাগুলো ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ /এসইউ/১৭৪৩ ঘ.
bdnews24