২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনের রোডম্যাপ করতে বলে যাচ্ছে বিদায়ী ইসি’

আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা করে একটি ‘রোডম্যাপ’ প্রণয়নের কাজ এগিয়ে রাখতে নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশনা দিয়ে যাচ্ছে বিদায়ী কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা করে একটি ‘রোডম্যাপ’ প্রণয়নের কাজ এগিয়ে রাখতে নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশনা দিয়ে যাচ্ছে বিদায়ী কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “দশম সংসদের জন্য আর সময় রয়েছে দেড় বছর। এ সময় আগামী ইসির সামনে অনেক কাজ রয়েছে। এ জন্য একটি রোডম্যাপ তৈরি করে ইসি সচিবালয়ের কর্মপরিকল্পনাগুলো ইসি সচিবালয়কে গুছিয়ে রাখতে বলা হয়েছে।” এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন সিইসি ও জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের মেয়াদ গত রোববারই শেষ হয়েছে। এম সাখাওয়াতের মেয়াদও ১৩ ফেব্র“য়ারি পূর্ণ হচ্ছে। বিদায়ী ইসির তিন সদস্যের মধ্যে ‘কোনো কোনো’ বিষয়ে দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐক্যমত্যের ভিত্তিতেই সব সিদ্ধান্ত হয়েছে বলে জানান সাখাওয়াত। “আমরা কমিশনের ৪০৩টি সভা করেছি। যতক্ষণ পর্যন্ত ঐক্যমত্যে না পৌঁছেছি, ততোক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। নির্বাচন কমিশন ও ইসি সচিবালয়ের মধ্যেও বোঝাপড়া থাকতে হবে।” ইসির একক কর্তৃত্ব সিইসির কাছে থাকলেও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সব কমিশনারদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন এ নির্বাচন কমিশনার। সাখাওয়াত বলেন, “ইসিতে নতুন সচিব আসবেন। কে আসবেন তা যদি কমিশনাররা না-ই জানেন পরবর্তীতে তার সঙ্গে বনিবনা না-ও হতে পারে। প্রশাসনিক কাজে সিইসির একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলেও গুরুত্বপূর্ণ কাজে সবার সঙ্গে আলোচনা করা বাঞ্ছনীয়।” স্বাধীন ইসি সচিবালয় আইন ও বিধি যথাযথভাবে কার্যকর করার বিষয়েও সবার সহযোগিতার ওপর জোর দেন তিনি। ‘অন্তবর্তী সরকারের সময়’ চার মন্ত্রণালয়ের ‘কর্তৃত্ব’ চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনের সময় যে ধরনের সরকারই থাকুক না কেন, চারটি মন্ত্রণালয় বা বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ইসির সঙ্গে আলোচনা করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থেই এ ধরনের শর্ত আরোপের সুপারিশ করেছি আমরা।” এ বিষয়টিসহ গণপ্রতিনিধিত্ব আদেশে কিছু সংশোধনী এনে স¤প্রতি আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে বিদায়ী নির্বাচন কমিশন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু অভিজ্ঞতা থেকেই ইসি এ ধরনের সুপারিশ রেখেছে উল্লেখ করে সাখাওয়াত বলেন, “প্রশাসনে বড় ধরনের পরিবর্তন হলো, পুলিশে রদবদল হলো- অথচ ইসি কিছু জানে না। এসব বিষয় তো নির্বাচনে প্রভাব ফেলে। এ কারণে আগে আলোচনার সুযোগ থাকলে নির্বাচনও সুষ্ঠু হবে।” এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি ২০০৭ সালে যোগ দিয়ে ছয় মাসের মাথায় নবম সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করে। বিদায়ের আগে পঞ্চবার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা ও দ্বিবার্ষিক কর্ম পরিকল্পনাও তারা রেখে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/এমএইচসি/জেকে/১৭৪০ ঘ.