ফেব্র“য়ারি ০৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগরীতে মিশুক চালাতে দেওয়ার দাবি জানিয়েছে মিশুক মালিক ও শ্রমিকেরা।
এ দাবি মানা না হলে ৮ ফেব্র“য়ারি ভুখা মিছিল কর্মসূচীর ডাক দিয়েছে ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক- শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক সারোয়ার হোসেন বলেন, “ঢাকা শহরে দুই যুগেরও বেশি সময় ধরে মিশুক চলছে। কিন্তু এখন পর্যন্ত বিআরটিএ কোন সুনির্দিষ্ট নীতিমালা করেনি। কোনো রকম নীতিমালা ছাড়াই হঠাৎ সরকার ২০১১ সালের ডিসেম্বর মাস থেকে মিশুক জব্দ করা শুরু করে।”
মিশুক পরিবহন শিল্পের সাথে জড়িত ৫০ হাজার চালক-শ্রমিক এবং তাদের ওপর নির্ভরশীল ৩ লাখেরও বেশি মানুষ মানবেতর জীবন যাপন করছে বলে উল্লেখ করেন তিনি।
১৯৮৬ সালে ঢাকা শহরে মিশুক চলা শুরু করে। ২০০৩ সালের পর থেকে নতুন কোনো মিশুকের নিবন্ধন দেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মিশুক মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল, সদস্য সচিব ওবায়দুল হক এবং সদস্য বাহারানে সুলতান, করম আলি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/ ১৭৩১ ঘ.
bdnews24