২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রামঞ্চ ভাংচুরের ঘটনায় মামলা, তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প মেলায় যাত্রামঞ্চে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প মেলায় যাত্রামঞ্চে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। রোববার রাতে যাদুঘরের প্রধান নিরাপত্তা কর্মী বিল্লাল হোসেন বাদি হয়ে অজ্ঞাত দু-তিনশ’ লোককে আসামি করে মামলাটি করেন বলে জানান সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ। যাত্রায় অশ্লীলতার অভিযোগ এনে একদল লোক রোববার কারুশিল্প ফাউন্ডেশন চত্ত্বরের অভ্যন্তরে যাত্রা মঞ্চে হামলা ও ভাংচুর চালায়। রবীন্দ্র গোপ জানান, সোমবার সকালে ফাউন্ডেশনের জরুরি সভায় উপ-পরিচালক রবিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- ফাউন্ডেশনের প্রদর্শন কর্মকর্তা আজাদ সরকার ও নিবন্ধন কর্মকর্তা ইয়ামিন খাঁন। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। যাত্রামঞ্চে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে রবীন্দ্র গোপ বলেন, “যাত্রা ও নৃত্য অনুষ্ঠান পর্যবেক্ষণ করার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছিলো। যাত্রায় অশ্লীল নৃত্যের কোনো অভিযোগ করেননি তারা।” সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা দায়েরের কথা নিশ্চিত করে জানান, যাদুঘরের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে ঘটনার জন্য দায়ীদের সনাক্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮১৯ ঘ.