ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপদ সড়ক পারাপারে সব স্কুলের সামনে এবং রাজধানীর সব সড়কে সমন্বিত জেব্রা ক্রসিং ব্যবস্থা চালুসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনস্ট রোড অ্যাকসিডেন্ট (ফুয়ারা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), প্রত্যাশা, ঢাকা সাইক্লিং ক্লাব, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ), ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গ্রিন মাইন্ড এবং ডাব্লিউবিবি ট্রাস্ট সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধন করে।
ঢাকায় প্রতিদিন একজন করে পথচারী দুর্ঘটনায় মারা যাচ্ছে উল্লেখ করে এনডিএফ চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, “এদের ৪১ শতাংশই সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন।”
“ফুটওভারব্রিজ বা আন্ডারপাস থাকলেও এগুলো নির্মাণের সময় ভাবা হয়নি যে প্রতিবন্ধী, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী, শিশু ও মালামাল বহনকারী পথচারীদের জন্য এগুলো ব্যবহার করা কষ্টকর। ফলে তারা রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন”, বলেন তিনি।
তাদের অন্য দাবিগুলো হলো- প্রতি ২০০ মিটার দূরত্ব পরপর জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা, জেব্রা ক্রসিং-এ উঁচু হাঁটাপথ তৈরি করা, জেব্রা ক্রসিংয়ের সামনে সাইনবোর্ড ও সিগন্যাল লাইটের ব্যবস্থা করা, প্রতি তিন মাস পরপর জেব্রা ক্রসিং রং করা এবং এ জন্য বাজেট বরাদ্দ রাখা।
ঢাকায় ১৯৮৬-৮৭ সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪৩ শতাংশ পথচারী ছিলেন দাবি করে পবা চেয়ারম্যান আবু নাসের খান বলেন, “এই হার এখন ৮৬ শতাংশ ছাড়িয়ে গেছে। অথচ অধিকাংশ ফুটওভারব্রিজ ও আন্ডারপাসই তৈরি হয়েছে এ সময়কালে।”
“পরিসংখ্যান থেকেই বোঝা যায়, ফুটওভারব্রিজ বা আন্ডারপাস সড়ক পারাপারে নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে”, যোগ করেন নাসের।
সংগঠনগুলোর প্রায় শতাধিক সদস্য এই মানববন্ধনে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩১ ঘ.
bdnews24