চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হামজারবাগে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।
নিহতের নাম আসমা আক্তার (১৮)। তিনি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কাওসার আহমেদের মেয়ে।
দমকল বাহিনী ও পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর ১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় সংগীতা সিনেমা হলের পাশে মিয়া খান ট্রেডার্স নামে একটি তুলার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
পুলিশ বলছে, ধোঁয়ায় দমবন্ধ ও আগুনে পুড়ে কারখানার শ্রমিক আসমার মৃত্যু হয়েছে। তবে দমকল বাহিনীর দাবি, আগুন আতঙ্কে তিনতলা থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) অরুণ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিল।
দমকল বাহিনীর-বায়েজিদ স্টেশনের কর্মকর্তা সরোজ কান্তি ঘোষ জানান, দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ২৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আহত জাহানারা বেগম (৩৫), রোকেয়া বেগম (৫০) ও মো. রাজকে (৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬০৪ ঘ.
bdnews24