ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বেতন কাঠামো পুনর্বিন্যস্ত করতে আইন সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘মেম্বার্স অব দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিস অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২’ এর খসড়া অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
পিএসসি চেয়ারম্যান ও সদস্যরা এতোদিন যে পদ থেকে আসতেন, সেই পদের বেতন-ভাতা ভোগ করতেন। এ কারণে সাংবিধানিক পদ হিসেবে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের বেতন কাঠামো পুনর্বিন্যস্ত করার দাবি জানিয়ে আসছিলেন তারা।
খসড়া আইনটি পাস হলে পিএসসি চেয়ারম্যানের বেতন হবে মন্ত্রিপরিষদ সচিবের সমান। আর পিএসসি সদস্যদের বেতন সচিবদের সমপর্যায়ের হবে।
বিআরটি পরিচালনায় সংস্থা
ঢাকা মহানগরীর যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে গাজীপুর পর্যন্ত গণপরিবহণ ব্যবস্থা হিসাবে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) পরিচালনার জন্য ‘স্পেশাল প্রোজেক্ট অরগাইজেশন (এসপিও)’ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিআরটি প্রকল্পে মোট ২৪০ মিলিয়ন ডলার ব্যায় হবে। এডিবি ও অন্যান্য দাতা সংস্থা এবং সরকার এ প্রকল্পে বিনিয়োগ করবে। প্রকল্পের মেয়াদ হবে ২০১২ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত। এ প্রকল্প বাস্তবায়ন হলে ওই সড়কে প্রতি ঘণ্টায় ২০ থেকে ২৫ হাজার যাত্রী চলাচল করতে পারবে।”
ভ্যাট আইন
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন, ২০১২ এর খসড়া এদিন মন্ত্রিসভায় উঠলেও তা আরো যাচাই-বাছাই ও পর্যবেক্ষণের জন্য ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি কমিটিও করা হয়েছে জানিয়ে সচিব বলেন, জাতীয় রাজস্ব রোর্ড এ বিষয়ে আরো পর্যবেক্ষণ করে পরামর্শ দেওয়ার পর তা মন্ত্রিপরিষদে নেওয়া হবে।
“১৯৯১ সালের মূল্য সংযোজন কর আইনে একাধিকবার বিচ্ছিন্নভাবে সংশোধনী আনা হয়েছে। তাই যুগের চাহিদার সঙ্গে মিল রেখে অসঙ্গতিগুলো দূর করতে নতুন একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
আইনের খসড়া সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, “চূড়ান্ত হওয়ার পরই এ বিষয়ে জানানো হবে, তবে এটি হবে করদাতা বান্ধব ও রাজস্ব বৃদ্ধি সহায়ক।”
এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটি আইন ২০১২’ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, এ বিষয়ে কিছু অনুশাসন দেওয়া হয়েছে। এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ে অধীনে না রেখে শিক্ষা মন্ত্রনালয়কে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24