তানিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান সার্টিস অষ্টম দেশ হিসেবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
সার্টিসের নিরাপত্তা পরামর্শ থেকে প্রশিক্ষণসহ নানা ধরনের সেবা থাকলেও ঢাকায় একটি মাত্র গ্রাহকের জন্য নিরাপত্তাকর্মী সরবরাহের মাধ্যমে কাজ শুরু করেছে সার্টিস। প্রতিষ্ঠানটির স্থানীয় শাখা মিলেনিয়াম সার্টিস এখানে তাদের প্রতিনিধিত্ব করছে।
মানসম্পন্ন সেবার ক্ষেত্রে দামের বিষয়টিতে গুরুত্ব দিয়ে সার্টিসের পরামর্শ প্রদান ও শিক্ষা বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক উইলসন চৌ বলেন, “আপনি অনেক চমৎকার জিনিস করতে পারেন এবং মূল্য বেঁধে দিতে পারেন। কিন্তু দিনশেষে কেউ সে পণ্য কিনবে না।”
গত সপ্তাহের শেষদিকে ঢাকায় এক সংক্ষিপ্ত সফরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন তিনি।
সিঙ্গাপুরের সবচেয়ে বড় এ নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা চৌ বাংলাদেশে নিরাপত্তা সেবা বাজারের বিষয়ে বলেন, অন্তত ১০ লাখ ডলারের বাজার এখানে আছে।
তবে সার্টিসের মান বজায় রাখতে এবং সেবা ও প্রযুক্তি ব্যবহার করতে হলে বর্তমানের বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ দিতে করতে হবে। সিঙ্গাপুরেও অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বাড়তি অর্থ নেয় তারা।
সিঙ্গাপুরে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহায়ক পুলিশি সেবা প্রদানকারী তিনটি প্রতিষ্ঠানের একটি সার্টিস।
চৌ বলেন, “দায়িত্ব পালনকালে আমাদের কর্মীদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়।”
সিঙ্গাপুরে সহায়ক পুলিশের চার ভাগের তিন ভাগই সার্টিস সরবরাহ করে বলে জানান তিনি। আবু ধাবিতেও একই ধরনের সেবা দিয়ে আসছে এ প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুরে তাদের কর্মী সংখ্যা আট হাজার যার এক চতুর্থাংশই পুরো চাঙ্গি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
সাভারে একটি প্রশিক্ষণ একাডেমিও করছে সার্টিস। বর্তমানে সেটি নির্মাণাধীন। এখানে নিজেদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছে তারা। ইন্দোনেশিয়া, মালয়শিয়া, শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের পাশাপাশি দুবাই ও আবু ধাবিতে কাজ শুরু করেছে সার্টিস।
বাংলাদেশি শ্রমিকদের কাক্সিক্ষত লক্ষ্যস্থল কাতারেও কাজ শুরুর কথা ভাবছে সার্টিস।
চৌ বলেন, “আমরা বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি। তবে বাংলাদেশ ও কাতারই সবচেয়ে পছন্দের।”
প্রথম পর্যায়ে অভিজাত আবাসিক এলাকা, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিরাপত্তা সেবা দেওয়ার কথা ভাবছে সার্টিস। নিরাপত্তাকর্মীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও তারা সরবরাহ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/২০০৫ ঘ.
bdnews24