ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে ফোন করে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তার ভূমিকার প্রশংসা করেছেন নোবেল বিজয়ী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর।
‘এ ভয়েজ টু বটম অব আর্থ’ মিশনে বর্তমানে অ্যান্টার্কটিকায় থাকা গোর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফোন করে প্রায় ২০ মিনিট কথা বলেন শেখ হাসিনার সঙ্গে।
মিশনের সবার পক্ষ থেকে তিনি ফোন করেন বলে উল্লেখ করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। এ সময় সেখানে আইসল্যান্ডের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের পরিবশেমন্ত্রী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এ সময় জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর বিষয়ে কথা বলেন।
আল গোরকে ধন্যবাদ জানিয়ে পরিবেশ আন্দোলনে ভূমিকার জন্য তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে ভূমিকার রাখা গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশের তালিকায় বাংলাদেশ তলার দিকে থাকলেও পরিবর্তনজনিত প্রভাব বাংলাদেশের ওপরই বেশি।
‘এ ভয়েজ টু বটম অব আর্থ’ মিশনের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও এ বিষয়ে বিশ্ববাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি।
গোরের সঙ্গে বাংলাদেশের পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ গত ৩১ জানুয়ারি অ্যান্টার্কটিকার হান্নাহ পয়েন্টে যান।
১৯৯৩ থেকে ২০০১ মেয়াদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী আল গোর তার জলবায়ু পরিবর্তন রোধ বিষয়ক কর্মকাণ্ডের জন্য ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৫৭ ঘ.
bdnews24