মৌলভীবাজার, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর দায়ের করা মামলায় কাউন্সিলার মঞ্জুরুল আলম চৌধুরী খোকনকে শুক্রবার রাতে উপজেলা সদরের বন্যা শিবির এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুলাউড়া থানার ওসি মো. আজিজুর রহমান।
মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কাউন্সিলর খোকন গত ২৯ জানুয়ারি নিজ বাসায় গভীর নলকূপ স্থাপনের জন্য শ্বশুরবাড়ি থেকে ১ লাখ টাকা এনে দেওয়ার জন্য স্ত্রী আমেনা বেগমকে চাপ দেন।
স্বামীর কথায় রাজী না হলে খোকন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে বাসার একটি কক্ষে আটকে রাখেন। পরে স্বজনরা আমেনাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় আমেনা বেগম বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোকনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা করেন।
শুক্রবার রাতে খোকনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কুলাউড়া উপজেলা সদরের সাদেকপুর গ্রামের খন্দকার খলিলুর রহমানের মেয়ে আমেনা বেগমের সঙ্গে ২০০৯ সালের ৯ অগাস্ট কাউন্সিলার খোকনের বিয়ে হয়।
আমেনার বাবা খন্দকার খলিলুর রহমান সাংবাদিকদের জানান, বিয়ের পর থেকে খোকন তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।
তাদের এক বছরের একটি ছেলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২২ ঘ.
bdnews24