২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও রৌমারিতে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবসহ ১১ জনকে অব্যাহতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 06:25 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও রৌমারিতে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবসহ ১১ জনকে অব্যাহতি দিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকালে ভুরুঙ্গামারী ও রৌমারি উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পৃথকভাবে এ ব্যবস্থা নেন। ভুরুঙ্গামারীর ইউএনও মো. হামিদুল হক বলেন, বুধবার এসএসসি বাংলা ১ম পত্র রচনামূলক পরীক্ষায় ভুরুঙ্গামারী পাইলট হাইস্কুল কেন্দ্রের নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় উপকেন্দ্রের ২০ নম্বর কক্ষে মোট ২৭ জন পরীক্ষার্থী ছিল। ২০১২ সালের সিলেবাস অনুযায়ী এসব পরীক্ষার্থীকে শিক্ষকরা ২০১১ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করেন। পরীক্ষা শেষে ঘটনাটি প্রকাশ হয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি লিখিতভাবে তাকে (ইউএনও) জানায়। তিনি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল ওয়াহিদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণ হলে শুক্রবার ইউএনও কেন্দ্র সচিব আব্দুর রহমানসহ ১০ জন শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে বলেন। তদন্তে আরো প্রমাণ পাওয়া যায় যে, ওইদিন অধিকাংশ পরীক্ষা কক্ষে প্রায় ১৫ মিনিট বিলম্বে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছিল। ইউএনও বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসানকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে রৌমারী ইউএনও শওকত আলম মজুমদার জানান, বুধবারের পরীক্ষায় এম আর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৫ জন পরীক্ষার্থী নতুন সিলেবাসের বদলে ভুল প্রশ্নপত্র ২০১১ সালের সিলেবাসে পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল কবিরকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়। “তদন্তে অভিযোগ প্রথমিকভাবে প্রমাণিত হওয়ায় কেন্দের সদস্য সচিব শহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই পরীক্ষা কেন্দ্রের সচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০০ ঘ.