২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

সিরাজগঞ্জ, খুলনা ও জয়পুরহাটে শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিজন নিহত হয়েছেন। আহত হন সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, খুলনা ও জয়পুরহাটে শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিজন নিহত হয়েছেন। আহত হন সাতজন। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন কুষ্টিয়ার ভেওয়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মিন্টু মিয়া (৪৫)। আহত হন চারজন। আহতরা হলেন- একই এলাকার মনির হোসেন, মিলন হোসেন, ছোটো (৫০) ও মাইক্রোবাসের চালক খাড়ারা গ্রামের আরিফুল ইসলাম (৩০)। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। মাইক্রোবাসের চালককে সিরাজগঞ্জে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর দেড়টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে কামারখন্দ উপজেলার নলকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। খুলনা প্রতিনিধি জানান, মহানগরীর দৌলতপুর থানার মানিকতলায় বেলা ১১টায় যাত্রীবাহী বাস চাপায় নিহত হয় মানিকতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মো. রনি (৭)। রনি মহেশ্বরপাশা এলাকার নূর ইসলামের ছেলে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিলে প্রায় দুইঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। দৌলতপুর থানার ওসি আনোয়ারুল হক ভূঁইয়া জানান, সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে খুলনাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে রনির মৃত্যু হয়। এরপর এলাকাবাসী টায়ারে আগুন দিয়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে বাস চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। জয়পুরহাট প্রতিনিধি জানান, সন্ধ্যা পৌনে ৬টায় জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ভটভটি আরোহী আব্দুল জলিল (৩২)। জলিল উপজেলার হাতিয়র গ্রামের কফিল উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত হন আরো তিনজন। একজন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দু’জনকে জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। কালাই থানার ওসি মোখলেছুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, মোকামতলা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী মালবাহী ট্রাকটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকসহ হেলপারকে আটক করে থানায় সোপর্দ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.