চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণে সরকারের ‘চরম ব্যর্থতায়’ মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে দাবি করেছে চট্টগ্রাম বিএনপি।
দেশের পুঁজিবাজারে ‘ধসের জন্য’ বতর্মান সরকারের নীতিকে দায়ী করে বৃহস্পতিবার রাতে বিভিন্ন সংবাদপত্র কার্যালয়ে পাঠানো চট্টগ্রাম নগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারে সরকারি দলের লোকজনের ‘সীমাহীন লুটপাটের’ কারণে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে পড়েছে।
“এ কারণে বিনিয়োগকারীরা হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে। বিনিয়োগকারীর আত্মহত্যার দায় সরকার এড়াতে পারে না এবং এর জবাব একদিন জনগণের কাছে সরকারকে দিতে হবে।”
শেয়ারবাজারে পুঁজি হারানো চট্টগ্রামের দিলদার আহমেদ (৫৬) নামে এক বিনিয়োগকারী বৃহস্পতিবার আত্মহত্যা করার পর এ বিজ্ঞপ্তি পাঠায় বিএনপি।
মৃতের স্বজন ও পুলিশ জানায়, ব্যবসা ও পুঁজিবাজারে অর্থ খুইয়ে মানসিক অশান্তিতে ছিলেন তিনি।
সোমবার ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মিশন রোডে আত্মহত্যা করেন কাজী লিয়াকত আলী (৪০) নামের এক বিনিয়োগকারী।
গত বছর থেকে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। ধারাবাহিক দরপতনে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ৩ হাজার ৮৪৫ পয়েন্টে নেমে আসে, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সবচেয়ে কম।
বিবৃতিতে বিএনপি নেতারা বিনিয়োগকারীর আত্মহত্যার ঘটনায় শোক প্রকাশ করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩১৭ ঘ.
bdnews24