২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো জাতীয় কবিতা উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে দেশি-বিদেশি কবিদের পদাচারণায় উৎসব মুখর পরিবেশে শেষ হলো জাতীয় কবিতা উৎসব-২০১২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 05:09 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে দেশি-বিদেশি কবিদের পদাচারণায় উৎসব মুখর পরিবেশে শেষ হলো জাতীয় কবিতা উৎসব-২০১২। দুই দিনব্যাপী এই কবিতা উৎসবের আয়োজন করেছিল জাতীয় কবিতা পরিষদ। বৃহস্পতিবারের অনুষ্ঠানসূচিতে ছিল সকালে দুইটি সেমিনার, বিকেলে পাঁচ পর্বের স্বরচিত কবিতা পাঠ এবং সবশেষে কবিতার গান। সেমিনারে প্রথম পর্বে ‘ভাষা আন্দোলন ও আমাদের কবিতা’ শীর্ষক মূলপ্রবন্ধে আহমদ রফিক বলেন, “আমাদের কবিতায় আধুনিকতার অন্বেষার সঙ্গে যুক্ত হয়েছে আত্ম-অন্বেষার পথে শেকড়ের সন্ধানের আকাক্সক্ষা। এখানে মাটি ও মানুষের কথা, প্রতিবাদ ও সামাজিক নবনির্মাণের ইচ্ছা প্রধান হিসেবে কাজ করে।” দ্বিতীয় পর্বে ‘মুক্তিযুদ্ধ ও আমাদের কবিতা’ শীর্ষক মূলপ্রবন্ধে আবুল হাসনাত বলেন, “মুক্তিযুদ্ধের কবিতা আমাদের অস্তিত্বেরই গান। আর মুক্তিযুদ্ধ নিজেই একটি মহৎ কবিতা।” সেমিনার দুটিতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী। প্রথম সেমিনারে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, উত্তম দাশ, নূরুল করিম নাসিম ও কাজল বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় সেমিনারে আলোচনা করেন সৈয়দ আনোয়ার হোসেন, মৃণাল বসু চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উৎসবে বিকেলে ছিল কবিতা পাঠ। পাঠপর্বগুলোয় সভাপতিত্ব করেন মুনীর সিরাজ, কাজী রোজী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ ও আসাদ চৌধুরী। কবিতার গান পর্বে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৫৪ ঘ.