২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৪৮ জন দাখিল পরীক্ষা দিতে পারেনি

প্রবেশপত্র না পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাছবাড়ী এবাদিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ৪৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা দিতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রবেশপত্র না পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাছবাড়ী এবাদিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ৪৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা দিতে পারেনি। এ ঘটনায় প্রতারণার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহীম খলিলসহ (৪০) দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইব্রাহিম স্থানীয় গাছবাড়ি সোনাতলা এলাকার কদম আলীর ছেলে। অপরজন হলেন একই এলাকার নিয়ামত আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার হালিম জানান, প্রবেশপত্র না পাওয়ায় বুধবার শুরু হওয়া দাখিল পরীক্ষায় এই মাদ্রাসার ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। বুধবার পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী সেলিম রানা বাদী হয়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ জসিম উদ্দিন, শিক্ষক ইব্রাহীম খলিল ও স্থানীয় আশরাফুল ইসলামসহ চারজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে কালিয়াকৈর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থেকে ইব্রাহীম খলিলকে এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা করে। কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাছিমা আক্তার বলেন, ওই মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ১০১ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। পরীক্ষার আগের দিন ৫৩ জনকে প্রবেশপত্র দেওয়া হলেও বাকি ৪৮ জন পায়নি। মামলা করার পর থেকে অধ্যক্ষ জসিম উদ্দিন মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে মোবাইল ফোনে অধ্যক্ষ জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা পরীক্ষা দিতে পারেনি তারা মাদ্রাসার নিয়মিত ছাত্র নয়। তবে আমার কাছে তারা অনুরোধ করায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে চেয়েছিলাম। পরে তা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.