চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই আসামিকে হেফাজতে রেখে পেটানোর অভিযোগ ওঠায় সে বিষয়ে বক্তব্য নিয়ে দুই পুলিশ সদস্যকে চট্টগ্রামের একটি আদালতে ডাকা হয়েছে।
এজলাসে আসামির গায়ে নির্যাতনের চিহ্ন দেখে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ও কনস্টেবল মো. মুনীরকে ৯ ফেব্র“য়ারির মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
গত ৩০ জানুয়ারি নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস স্ট্যান্ড সংলগ্ন সংযোগ সড়ক থেকে শহীদুল্লাহ (৪২) ও আবু জাফর (৪০)সহ চার জনকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়। ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করতে গত ৩১ জানুয়ারি পুলিশ আদালতে ৫ দিন হেফাজতের আবেদন করে।
ওই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার আসামিদের আদালতে আনা হয়।
আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল্লাহ ও জাফরের শরীরে আঘাতের চিহ্ন দেখে বিচারক তা তদন্ত করে ৯ ফেব্র“য়ারির মধ্যে প্রতিবেদন দিতে চট্টগ্রাম জেলা আনসার অ্যাডজুডেন্টকে নির্দেশ দেন।
এছাড়া বিচারক পুলিশি হেফাজতে আসামিকে মারধরের বিষয়ে বক্তব্য জানাতে দুই পুলিশ সদস্যকে আদালতে তলব করেন বলে তিনি জানান।
আদালত এই দুই আসামির হেফাজত আবেদন নাকচ করে তাদের জামিনেরও আদেশ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১০৫ ঘ.
bdnews24