সিলেট-সাব-রেজিস্ট্রার
সিলেট, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলিলের রেজিস্ট্রি সম্পাদনের জন্য উৎকোচ দাবির অভিযোগে সিলেটে এক সাব-রেজিস্ট্রারকে দুইঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে দলিল লেখকরা।
পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই রেজিস্ট্রারকে কাজ থেকে বিরত রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ বিক্ষোভে রেজিস্ট্রি করতে আসা সাধারণ লোকজনও যোগ দেয়।
সকালেই নতুন এই কর্মস্থলে যোগ দেন সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফ। তিনি এই অভিযোগ অস্বীকার করেছে।
সিলেট বিভাগীয় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, দুপুরের দিকে দলিল সম্পাদনের জন্য তার কাছে গেলে তিনি দলিলে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করেন।
এক পর্যায়ে তিনি প্রতি আম-মোক্তারনামায় পাঁচ হাজার টাকা এবং সাফ কবলা দলিল সম্পাদনের জন্য ১০ হাজার থেকে এক লাখ টাকা উৎকোচ দাবি করেন। এ নিয়ে দলিল লেখকদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।
পরে তারা বিক্ষোভ শুরু করলে জমি রেজিস্ট্রি করতে আসা শতাধিক লোকও বিক্ষোভে যোগ দেয় বলে জানান মইনুল ইসলাম খান।
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, উদ্ভূত পরিস্থিতিতে আবু হানিফকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। জৈন্তাপুর উপজেলা সাব-রেজিস্ট্রার আহসানুল হাবিবকে দলিল রেজিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে উৎকোচ চাওয়ার বিষয়টি অ¯ী^কার করে সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলিলে কিছু অনিয়ম ধরা পড়ায় তিনি স্বাক্ষর করেননি। অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে দলিল লেখকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কেফায়েত উল্লাহ জানান, গোলযোগের খবর পেয়ে বিকাল ৪টায় পুলিশ সাব-রেজিস্ট্রারকে উদ্ধার করে নিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24