২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনে ইভিএমের নতুন মডেল

দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) একটি নতুন মডেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যাতে ফলাফল প্রিন্ট করারও ব্যবস্থা থাকবে। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) একটি নতুন মডেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যাতে ফলাফল প্রিন্ট করারও ব্যবস্থা থাকবে। ইভিএমের এই নতুন মডেল এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে উপস্থাপনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্ত ইন্সটিটিউটকে (আইআইসিটি) অনুরোধ জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ নির্বাচনের আগে আর দেড় বছরের একটু বেশি সময় হাতে আছে। এ নির্বাচনে ৫০ শতাংশ কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে, না কি- কম বেশি, সে সিদ্ধান্ত নেবে নতুন ইসি। তবে ইভিএমকে আধুনিক ও ভোটারদের কাছে আরো সহজবোধ্য করতে বুয়েটকে নির্দেশনা দেওয়া হয়েছে।” ইভিএমের জন্য আলাদা একটি প্রকল্প নিতে বলা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে নির্দিষ্ট সফটওয়ারে ইভিএম জনপ্রিয় হলেও তাতে ভোটগ্রহণের পর বিভিন্ন পরামর্শ পাওয়া গেছে। সব কিছু বিবেচনা করে আগামীর জন্য ‘স্মার্ট মডেল’ করা হচ্ছে। এতে ভোটের ফল প্রিন্ট দেওয়ার ব্যবস্থার পাশাপাশি ব্যালট ইউনিটের বোতামের ওপরে প্রতীক দেখানোর ব্যবস্থাও রাখা হবে। বর্তমান ইসির অধীনে ইভিএমের যাত্রা শুরু হলেও মধ্য ফেব্র“য়ারিতে শেষ হচ্ছে বর্তমান সিইসি ও দুই নির্বাচন কমিশনারের মেয়াদ। এম সাখাওয়াত বলেন, “আমরা চলে গেলেও অসুবিধা নেই। সার্বিক প্রস্তুতি রেখে যাবো। তা এগিয়ে নিতে পরবর্তী ইসির অসুবিধায় পড়তে হবে না।” বুয়েট ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহায়তায় তৈরি ইভিএম ব্যবহার করে ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনে একটি ওয়ার্ডে, গত বছর ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে, এ বছর ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের সবকটি ওয়ার্ডে (২৭টি) এবং ১৯ জানুয়ারি নরসিংদী পৌর উপ নির্বাচনের সব কেন্দ্রে সাফল্যের সঙ্গে ভোটগ্রহণ হয়। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনেও ছয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়েছে ইসি। আইআইসিটির পরিচালক এসএম লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে ইসির হাতে এক হাজারেরও বেশি ইভিএম রয়েছে। এসব যন্ত্র স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য আরো অনেক বেশি ইভিএম দরকার হবে। ইসি কর্মকর্তাদের ধারণা, আগামী নির্বাচনে সারাদেশের প্রায় ত্রিশ হাজার ভোট কেন্দ্রে দুই লাখ ভোট কক্ষে ভোটগ্রহণ হতে পারে। “আগের ইভিএমগুলো তৈরি করা হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে পিভিসি কার্ড দিয়ে। কিন্তু জাতীয় নির্বাচনে বড় পরিসরে ব্যবহার করতে গেলে এ যন্ত্রের আরো আধুনিক মডেল দরকার হবে, যাকে আমরা প্রটোটাইপ বলছি। এটি হবে সহজে বহনযোগ্য। আকারে আগের চেয়ে ছোট হবে। ভোটারদের সুবিধার্থে বোতামের ওপরে প্রতীক দেখানোর ব্যবস্থা রাখারও প্রস্তাব রয়েছে”, বলেন আইআইসিটি পরিচালক। তিনি জানান, ৫০ হাজার থেকে এক লাখ ইভিএম বানাতে হলে আগের ‘ম্যানুয়াল পদ্ধতি’ বাদ দিয়ে নির্ধারিত কাঠামোতে ইভিএমের প্রটোটাইপ বানাতে হবে। গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কশিনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে কমিশনের সভায় এ বিষয়ে প্রথম দফা আলোচনা হয় বলে জানান তিনি। কমিশনের সভার কার্যপত্রে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের জানুয়ারির মধ্যে হওয়ার কথা। ইভিএমের প্রটোটাইপ তৈরি শেষ করার পর প্রকল্প প্রস্তুত করে একনেকে অনুমোদনের জন্য সময়ের প্রয়োজন হবে। এসব বিবেচনায় ২০১২ সালের মধ্যে প্রটোটাইপিং-এর কাজ সম্পন্ন করতে হবে। লুৎফুল কবির জানান, প্রটোটাইপ তৈরি হয়ে গেলে ইসি পরবর্তী নির্দেশনা দেবে। বাজেট কতো হবে, কয়টি ইভিএম তৈরি করতে হবে- এসব নির্দিষ্ট করে কার্যাদেশ দেওয়া হবে। জাতীয় নির্বাচনের অন্তত ছয় মাস আগে সার্বিক বিষয় চূড়ান্ত হলে বড় পরিসরে ব্যবহারের উপযোগী করে ইভিএম তৈরি সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। ইভিএমের তথ্য সংরক্ষণ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত জানান, ইভিএমে ভোট নেওয়ার পর নির্বাচনী ফল সর্বোচ্চ ৩০ দিন সংরক্ষণ করার বিধান রেখে সিটি কর্পোরেশন নির্বাচন (ইভিএম) বিধিমালায় সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। এর আগে ভোটগ্রহণের পর ইভিএম ১৮০ দিন সংরক্ষণ করার বিধান ছিল। সংশোধিত বিধানে বলা হয়েছে, নির্বাচনী ফল ঘোষণার পর সংশ্লিষ্ট ইভিএম সংরক্ষণ করার প্রয়োজন না থাকলে নির্বাচনী ফলাফলের গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে ইভিএমগুলো নতুন করে ব্যবহারের জন্য প্রস্তুত করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১২৩০ ঘ.