পাবনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস ও সলিল চৌধুরীকে গানে ও আলোচনায় শ্রদ্ধা জানাল পাবনার গণশিল্পী সংস্থা।
শুক্রবার বিকালে এ দুই গুণী শিল্পীর গণসংগীত পরিবেশনা দিয়ে সংস্থাটির ২৯ বছর পূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী বাবুল পারভেজ, সাকী রেজওয়ানা বন্যা, মীর্জা রানা, আব্দুল আওয়াল, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, আব্দুল্লাহ আল মাসুদ, তনুশ্রী দাস, ফারজিনা আহমেদ, শাহীন, বাবর, রমজান ও পল্লব বিশ্বাস।
এর আগে গণশিল্পী সংস্থার সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক শাহনেওয়াজ সালাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লিটন, লেখক শিবিরের সম্পাদক মজিবর রহমান, শহীদ গফুর সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল মালেক সরকার ও গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মোসফেকা জাহান কনিকা।
গণশিল্পী সংস্থা পাবনা আঞ্চলিক কমিটি ১৯৮৩ সালের ১৬ অক্টোবর যাত্রা শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৩ ঘ.
bdnews24