নরসিংদী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে নরসিংদী সদরে স্ত্রীকে খুন করে স্বামী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালে মাধবদীর নূরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা গ্রামে এ ঘটনায় নিহত হন লিপি বেগম (২৩)। তিনি ওই গ্রামের সোহেল রানার স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে মাধবদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, রানা ও লিপির মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিকালে কথা কটাকাটির এক পর্যায়ে সোহেল রানা স্ত্রীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে পুলিশকে জানায় এলাকাবাসী।
আশপাশের লোকজন এলে সোহেল রানা পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫০ ঘ.
bdnews24