ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক জিএম গাউস হত্যা মামলায় তার সহোদর মো. আশরাফউদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং মো. এমদাদুল হক আজাদের বেঞ্চ এই রায় দেয়।
আসামীর জেল আপিল খারিজ এবং মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতির আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত এই রায় দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী।
আদেশের পর মো. আমিনুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ অক্টোবর থেকে এই মামলার শুনানি হয়। বেশ কয়েকদিন উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে আদালত।
তিনি আরো বলেন, এই আসামির বিরুদ্ধে আদালত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া, অস্ত্র আইনে দায়ের করা মামলাসহ বিভিন্ন মামলা ছিল। এই হত্যাকাণ্ডের পূর্বেই এ সব মামলায় তার ৪০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল।
২০০৪ সালের ২৪ জুলাই জিএম গাউস তার সহোদর মো. আশরাফউদ্দিনের হাতে ফকিরের পুলের জি-নেট টাওয়ারে খুন হন। ওই দিন নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
২০০৬ সালের ২১ নভেম্বর নিম্ন আদালতের বিচারক মো. নজরুল ইসলাম ওই মামলার একমাত্র আসামি মো. আশরাফউদ্দিনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন।
এই রায়ের বিরুদ্ধে কারাবন্দি আসামি হাই কোর্টে জেল আপিল করেন। পাশাপাশি নিয়ম অনুসারে মুত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমতির বিষয়েও আবেদনটি হাই কোর্টে আসে। উভয় আবেদনের শুনানি করে হাই কোর্ট এ বিষয়ে রায় দেয়।
পাঁচ ভাইয়ের মধ্যে জিএম গাউস ছিলেন তৃতীয় এবং আশরাফউদ্দিন চতুর্থ। নিহত জিএম গাউস দুই ছেলে ও এক মেয়ের জনক। তিনি সাপ্তাহিক আমাদের কথা, সাপ্তাহিক জনকণ্ঠ, ঢাকা মেইলসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেন।
সরকার বিরোধী সংবাদ প্রকাশের অভিযোগে অপর ১০ সাংবাদিকদের সঙ্গে এরশাদের শাসনামলে তিনি গ্রেপ্তার হন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা উপ-পরিষদের সদস্য ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২৩৫৩ঘ.
bdnews24