২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার এক বিচারকের আদালত বর্জনের ঘোষণা

এক সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরিফুর রহমানের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরিফুর রহমানের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতাদের এক বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। বিচারক আরিফুর রহমানকে প্রত্যাহার করা না পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ওই বিচারকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন আইনজীবীরা। গত মঙ্গলবার বিচারক আরিফুর রহমান একটি মামলার সাক্ষ্য নেয়ার সময় ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ওই ওই এজলাসে যান। আইনজীবী আবু সাঈদ তার একটি মামলার শুনানি নিতে বিচারকের কাছে আবেদন জানালে তিনি পরে আসতে বলেন। এ নিয়ে ওই আইনজীবী ও বিচারকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আইনজীবী আবু সাঈদের অভিযোগ, তাকে পুলিশ ডেকে হ্যান্ডকাপ পরানোর হুমকি দেন বিচারক। ওই বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে বৈঠক করেন বারের সাবেক সভাপতি সরদার মোহাম্মদ সুরুজ্জামান, আবু সাঈদ সাগর, এ এফ এম আব্দুল ওয়াদুদ, শেখ হেমায়েত হোসেন, সানাউল্লাহ মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ। এ নিয়ে আগামী রোববার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার সাধারণ সভা করারও সিদ্ধান্ত হয়েছে। সমিতির সভাপতি বোরহানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২০ বছরে ঢাকার কোনো বিচারকের আদালত বর্জন এটাই প্রথম হচ্ছে।” বারের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা কাজী নজিবুল্লা হীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক আরিফুর রহমান আইনজীবী সাগর সাহেবের সঙ্গে যে ব্যবহার করেছেন, তা অকল্পনীয়। তাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে।” মঙ্গলবারের ঘটনার পর বুধবার বিচারক আরিফুরকে এজলাস থেকে নেমে যেতে বাধ্য করেন আইনজীবীরা। এদিকে বৃহস্পতিবার বিচারক আরিফুর আইনজীবী আবু সাঈদের সঙ্গে সংঘটিত ঘটনাটি লিখিত আকারে সুপ্রিম কোর্টের নিবন্ধককে জানিয়েছেন বলে আদালত কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৫৩ ঘ.