ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর ওপর দিয়ে রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগ করেছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থ সহায়তায় এ প্রকল্পসহ সাতটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত পরামর্শক নিয়োগের চুক্তি সই হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এগুলোতে মূল পরামর্শক প্রতিষ্ঠান কানাডার ক্যানারেইল কনসালটেন্টস ইংকের (ক্যানারেল) সঙ্গে যৌথ উদ্যোগে আরো থাকছে জার্মানির বিডি ইন্টারন্যাশনাল জিএমবিএইচ (ডিবিআই), অস্ট্রেলিয়ার এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (এসএমইসি) ও বাংলাদেশের এসিই কনসালট্যান্টস লিমিটেড (এসিই)।
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর পক্ষে কেনেথ থমসন চুক্তিতে সই করেন। এডিবির জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ মার্কস রোজনারও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন।
২৪ মাস মেয়াদি এই প্রকল্পগুলোর মধ্যে প্রথমইে রয়েছে- পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা-ভাঙ্গা-যশোর পর্যন্ত রেললাইন নির্মাণের প্রথম পর্যায়ে ঢাকা-মাওয়া-পদ্মা সেতু-জাজিরা-ভাঙ্গা রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা, বিশদ নকশা ও দরপত্র সেবা এবং দ্বিতীয় পর্যায়ে ভাঙ্গা-নড়াইল-যশোর রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা।
অন্য প্রকল্পগুলো হলো- আখাউড়া-লাকসাম সেকশনে ডাবল লাইন নির্মাণ এবং বিদ্যমান সেকশনের মানোন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা, বিশদ নকশা ও দরপত্র সেবা এবং বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর ওপর ডুয়েলগেজ ডাবল লাইনের সংস্থানসহ রেলসেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা।
এছাড়া দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন মিটারগেজ রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা হালনাগাদকরা, বিশদ নকশা ও দরপত্র সেবা এবং টঙ্গী-জয়দেবপুর-ময়মনসিংহ এবং ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে ডাবল লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পও এর অন্তর্ভুক্ত।
এছাড়াও রয়েছে- ঈশ্বরদী-পার্বতীপুর সেকশনে ২০টি, রাজশাহী-আব্দুলপুর সেকশনে ৫টি এবং দর্শনা-খুলনা সেকশনে ১৫টি স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা আধুনিকীকীকরণের সম্ভাব্যতা সমীক্ষা এবং বাহাদুরাবাদ-ফুলছড়ি ঘাটে যমুনা নদীর ওপর এপ্রোচ রেললিংকসহ রেলসেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা করা।
সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্পগুলি গ্রহণযোগ্য বিবেচিত হলে এডিবি প্রকল্পগুলোতে অর্থায়ন করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, আখাউড়া-লাকসাম ডাবল লাইন ও দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে গুনদুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের অর্থায়নের বিষয়ে এডিবি ইতোমধ্যে সম্মত হয়েছে।
প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৫৮ লাখ টাকা, যার মধ্যে সরকার দেবে ২৪ কোটি ৩৮ লাখ টাকা এবং এডিবি দেবে ৮৩ কোটি ২০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএএইচ/এমআই/২২৩৫ ঘ.
bdnews24