ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুই মামলায় কারারুদ্ধ ডেসটিনি-২০০০ এর প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন।
বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে এই আবেদনের পর আগামী রোববার শুনানির জন্য দিন ঠিক হয়েছে।
হারুনের আইনজীবী আব্দুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, নি¤œ আদালতের আদেশের অনুলিপি নিয়ে তারা দুই মামলায় হারুনের জামিনের জন্য হাই কোর্টে আবেদন করেন।
“রাষ্ট্রপক্ষের প্রবল বিরোধিতার কারণে আজ জামিন আবেদনের শুনানি হয়নি। আদালত আগামী রোববার শুনানির দিন ঠিক করেছেন।”
দুই মামলায় সকালে ঢাকার আদালতে আত্মসমর্পণের পর হারুনকে কারাগারে পাঠানোর আদেশ হয়। সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের পর হারুনই প্রথম সাবেক সেনাপ্রধান, যাকে কোনো মামলায় কারাগারে যেতে হল।
জামিনের আবেদনের পর হাই কোর্টের বিচারক অ্যাটর্নি জেনারেলকে বলেন, “আপনি আইজি প্রিজন্সের সঙ্গে কথা বলে তার (হারুন) স্বাস্থ্য পরীক্ষা করতে বলুন। যদি তার ন্যূনতম স্বাস্থ্য সমস্যাও থাকে, তাহলে তাকে যেন হাসপাতালে পাঠানো হয়।”
জবাবে মাহবুবে আলম বলেন, “আমি আইজি প্রিজন্সের সঙ্গে কথা বলছি। আমি তাকে বলব, তিনি যেন কারাগারে নিজে জেনারেল হারুনকে গ্রহণ করেন। এর আগেই যেন ডাক্তার প্রস্তুত রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
“কোনো সমস্যা পেলেই যেন হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তের সঙ্গেও কথা বলব।”
তখন আদালত বলে, বঙ্গবন্ধুতেই পাঠাতে হবে, এমন কোনো কথা নেই। প্রয়োজন অনুসারে যে কোনো হাসপাতালে পাঠালেই চলবে।
অ্যাটর্নি জেনারেল হারুনের জামিন বা চিকিৎসার বিষয়ে লিখিত কোনো আদেশ না দেয়ার অনুরোধ করলে আদালত তাতে সম্মতি দেয়।
সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় জেনারেল হারুনসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে নেয়া অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।
দুই মামলায় ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ আসামিদের সবাইকে জামিন দিলেও এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জামিনের ওই আদেশ বাতিল করেন।
এরপর গত ২৭ সেপ্টেম্বর হাই কোর্ট হারুনসহ আসামিদের ‘এখতিয়ার সম্পন্ন’ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
এরপর হারুন-অর-রশিদ, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও ডেসটিনির চেয়ারম্যান মো. হোসেন বৃহস্পতিবার সকালে ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24