ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পরিচয়পত্র না থাকলে যে কোনো পরিচয়পত্রের মাধ্যমে (পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ছবিযুক্ত পরিচয়পত্র) মোবাইল ফোন সংযোগ বা সিম কার্ড কেনা যাবে।
বর্তমান নিয়মে মোবাইল ফোন সংযোগ বা সিম কিনতে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দিতে হয়। তবে এ নিয়ে উচ্চ আদালত প্রশ্ন তোলার পর বুধবার বিটিআরসি নিয়ম পরিবর্তনের কথা জানিয়েছে।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে মোবাইল টেলিফোন অপারেটরদের নতুন নির্দেশনা জানানো হয়।
চিঠিতে বলা হয়, যেসব গ্রাহকরা জাতীয় পরিচয়পত্র পায়নি তাদের ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটরা বিকল্প পরিচয়পত্রের মাধ্যমে গ্রাহকের পরিচয় নিশ্চিত হয়ে সিম বিক্রি করতে পারবে।
গত ১২ এপ্রিল বিটিআরসি মোবাইল সংযোগ কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করে।
একটি রিট আবেদনে সোমবার সিম কার্ড কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিলের বিকল্প ব্যবস্থা রাখার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় হাই কোর্ট।
পাশাপাশি দেয়া এক রুলে মোবাইল ফোনের সিম কার্ড কেনার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্তির বিধান সংশোধনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০৪০ ঘ.
bdnews24