চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে নাগরিক ঐক্য কমিটি।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে ওই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রামুর ঘটনায় সরকার ও বিরোধী দল একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। এতে তদন্তকাজ ব্যাহত হবে বলে তিনি মনে করেন।
“ওই সাম্প্রদায়িক সন্ত্রাসের সুষ্ঠু বিচার না হলে আগামী দুর্গাপূজা ও দেশের ব্যবসা-বাণিজ্য নিরাপদ হবে না।”
তিনি এমন প্রশ্নও রাখেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কথামতো বিরোধী দল যদি ওই হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থেকে থাকে, তাহলে ওই সব দোষীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?
মানববন্ধনে নাগরিক ঐক্য’র নেতাকর্মীসহ সাংবাদিকও পেশাজীবীরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০০৯ ঘ.
bdnews24