২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ব্যাটের আঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কথা কাটাকাটির জের ধরে চাচাতো ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 04:10 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কথা কাটাকাটির জের ধরে চাচাতো ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের মেন্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত স্বপন রবিদাস (২১) গ্রামের রংলাল রবিদাসের ছেলে। তিনি নরসিংদী জেলার পলাশ থানার পলাশ শিল্পাঞ্চল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলাম সাংবাদিকদের জানান, স্বপনের চাচাতো ভাই স্কুলছাত্র কিরণ (১৫) মঙ্গলবার বিকালে বন্ধুদের সঙ্গে বাড়ির উঠোনে ক্রিকেট খেলছিল। স্বপন তাকে উঠোনে খেলতে নিষেধ করলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিরণ তার হাতের ব্যাট দিয়ে স্বপনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ জানান, স্বপনের লাশ ময়না তদন্তের জন্য জয়দেবপুর সদর হাসপতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর কিরণ পালিয়ে গেছে বলে মুরাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/০৯৩২ ঘ.