নারায়ণগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের মাসদাইর পাকাপুল থেকে সাড়ে সাতশ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে র্যাব-১১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানীর ইনচার্জ লে. কমান্ডার মাহমুদ হাসানাত জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাকাপুল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবু মিয়া (২২) ও নূর ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাড়ে সাতশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাবু পশ্চিম মাসদাইর এলাকার দাউদ মিয়ার ছেলে। নূর ইসলাম একই এলাকার আবুল হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৮৫৭ ঘ.
bdnews24