নারায়ণগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছেলেধরা সন্দেহে তিন নারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
মঙ্গলবার সকালের দিকে চাষাড়ার বঙ্গবন্ধু সড়কের প্রিপারেটরী স্কুলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে প্রিপারেটরী স্কুলের গেটের সামনে ছেলেধরা সন্দেহে শিক্ষার্থীদের অভিভাবকরা তিন নারীকে গণধোলাই দেয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো- বন্দর উপজেলার বারইপাড়ার মৃত আব্দুল আজিজের মেয়ে মনি (২০), একই উপজেলার আব্দুর রহিম মিয়ার মেয়ে পিংকি (১৬) এবং সিদ্ধিরগঞ্জের বশির মিয়ার স্ত্রী জেসমিন (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, আটক তিন নারী ছেলেধরা নয়।
জেসমিন চিকিৎসার জন্য চাষাঢ়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পথে গণপিটুনির শিকার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৫১ ঘ.
bdnews24