২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ মামলায় জামিন নাকচ তানভীরের

তিনটি মামলায় দুর্নীতি দমন কমিশনের হেফাজতে থাকা হলমার্ক এমডি তানভীর মাহমুদ বাকি আটটি মামলায় জামিন আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি মামলায় দুর্নীতি দমন কমিশনের হেফাজতে থাকা হলমার্ক এমডি তানভীর মাহমুদ বাকি আটটি মামলায় জামিন আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির আট মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে তানভীরের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ওই আবেদন নাকচ করেন হাকিম এম এ সালাম। ব্যবস্থাপনা পরিচালক তানভীরের পাশাপাশি হলমার্ক গ্রুপের পরিচালক তুষার আহমেদের পক্ষেও আটটি মামলায় জামিন আবেদন করা হলে তাও নাকচ করে আদালত। গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন ১১টি মামলা দায়েরের পর রোববার তানভীর ও তুষারকে মিরপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তানভীরের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়েও দুটি মামলা করেছে। ১১টি মামলার মধ্যে তিনটিতে জিজ্ঞাসাবাদের জন্য তানভীর ও তুষারকে সোমবার আট দিন করে দুদকের হেফাজতে পাঠায় আদালত। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন দুদক কর্মকর্তারা। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব তাদের একটি মামলা তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের জন্য তাদের হেফাজতে নেবে। সোমবার আদালতের কাছ থেকে এই অনুমতি পেয়েছে র‌্যাব। যে আটটি মামলায় তানভীর ও তুষারের জামিন আবেদন নাকচ হয়েছে, সে মামলাগুলোতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে হেফাজতের আবেদন হাকিমের আদালতে করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তা এখনো হাকিমের সামনে উপস্থাপন করা হয়নি। ২৪ দিন হেফাজত শেষ হওয়ার পর পর্যায়ক্রমে ওই আট মামলায় হেফাজতের আবেদন ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৭২৯ ঘ.