ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক চার লেন করার প্রকল্পের দু’টি অংশের নির্মাণ কাজ সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রনাণয়।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানান, “চার লেন প্রকল্পের দুটি অংশের কাজ দ্রুত শেষ করার জন্য প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হবে।”
মন্ত্রী জানান, “গাজীপুর-ময়মনসিংহ সড়ক চার লেন করার প্রকল্পের গাজীপুর থেকে রাজেন্দ্রপুর ও রাজেন্দ্রপুর থেকে মাওনা পর্যন্ত ২টি প্যাকেজের কাজ মামলা সংক্রান্ত জটিলতায় বন্ধ ছিল। এ মামলা নিষ্পত্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এ জটিলতা অচিরেই অবসান হবে।”
এ সরকারের মেয়াদে বাকি কাজ শেষ করার জন্যই সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৮৮ কিলোমিটার চার লেন করা হবে যার মধ্যে প্রায় ১৪ কিলোমিটার রাস্তার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে মন্ত্রী দাবি করেন।
৯৯২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫৪৬ ঘ.
bdnews24