ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি ২০০০ লিমিটেডের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের ‘হয়রানি, নিপীড়নের’ প্রতিবাদ এবং জব্দ ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার দাবিতে প্রতিষ্ঠানটির কয়েক হাজার কর্মী মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “ডেসটিনির কর্মীরা পুলিশের ওপর চড়াও হলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। তাদের হামলায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।”
এ সময় ৭০/৮০জন ডেসটিনি কর্মীকে আটক করা হয় বলে ওসি জানান।
পুলিশের বাধার মুখে টিকতে না পেরে ডেসটিনি কর্মীরা রমনা পার্কে অবস্থান নেয়। পরে সেখান থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নিয়ে যায়।
পরে বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ডেসটিনি ডিস্ট্রিবিউটরস ফোরাম’ এর ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সংগঠনের আহ্বায়ক কে এম শফিউল্লাহ সাংবাদিকদের জানান, তাদের আজ (মঙ্গলবার) শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ছিল। তাদের সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষ হয়নি দাবি করে তিনি বলেন, “তাদের কর্মীদের মাঝে কিছু দুর্বৃত্ত অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনকে ভ-ুল করার জন্য এটা করা হয়েছে।”
সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন বলেন, ডেসনিটিতে গত ১২ বছর ধরে ব্যবসা করে তারা লাভবান হয়েছেন। ডেসটিনির বিরুদ্ধে এর ৪৫ লাখ ডিস্ট্রিবিউটরেরর কোনো অভিযোগ নেই।
তিনি এও দাবি করেন, তাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করতে এবং অগণিত ক্রেতা-পরিবেশক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বস্বান্ত করতে ডেসটিনির বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে।
গণমাধ্যমের একটি অংশ এমএলএম ব্যবসাকে অযথাই নেতিবাচকভাবে তুলে ধরে ডেসটিনির রিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
“এই অপপ্রচারের কারণেই দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ভুল বুঝে ডেসটিনির পরিচালনা পর্ষদসহ জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের বিরুদ্ধে নানা ধরনের হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।”
ডেসটিনির ডিস্ট্রিবিউটরদের রক্ষার জন্য প্রধানমন্ত্রী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
অবৈধ ব্যাংকিং চালানোসহ বিভিন্ন অভিযোগে গত এপ্রিলে ডেসটিনি গ্রুপের কার্যক্রম খতিয়ে দেখার সুপারিশ করে সংসদীয় কমিটি। এরপর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও তার স্ত্রীসহ গ্রুপের শীর্ষ পাঁচ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোতে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমডি/জেকে/এইচএ/১৮২০ ঘ.
bdnews24