ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারিবাগে চামড়া কারখানার দূষণ নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
মঙ্গলবার প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ট্যানারির বিষাক্ত রাসায়নিক বর্জ্যরে কারণে হাজারিবাগে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া ট্যানারিগুলোয় কাজের পরিবেশ মানসম্মত না হওয়ায় সেখানে নানা ধরনের দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটছে।
চামড়া শিল্পের রাসায়নিক বর্জ্যে আশপাশের এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে বলেও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
১০১ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, চামড়া শিল্পের বিষাক্ত বর্জ্যে কারখানায় কর্মরত নারী ও পুরুষের মধ্যে ত্বকের বিভিন্ন রোগ ও ফুসফুসের নানা জটিলতা ছড়িয়ে পড়ছে এবং ট্যানারির বিপজ্জনক যন্ত্রপাতির কারণে দুর্ঘটনায় মানুষের অঙ্গহানি ঘটছে।
হিউম্যান রাইটস ওয়াচের স্বাস্থ্য ও মানবাধিকার বিভাগের জ্যেষ্ঠ গবেষক রিচার্ড পিয়ারহাউজ বলেছেন, “ক্ষতিকর রাসায়নিকে পরিবেশ ভরিয়ে তুলছে হাজারিবাগের ট্যানারি।”
“সরকার এদিকে নজর না দেয়ায় স্থানীয়রা অসুস্থ হয়ার পাশাপাশি ট্যানারির ক্ষতিকর রাসায়নিকে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে শ্রমিকরা।”
ওই এলাকার মাটি, পানি ও বাতাসে ট্যানারির রাসায়নিকের দূষণে জ্বর, ত্বকের বিভিন্ন রোগ, ফুসফুসের সমস্যা ও ডায়রিয়ার মতো রোগ ছড়াচ্ছে বলে হাজারিবাগের বস্তিবাসীরা অভিযোগ করেছেন।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সরকার চামড়া কারখানার শ্রমিক ও এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেয়নি। হাজারিবাগে শ্রম ও পরিবেশ আইন বাস্তবায়নেও ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।
এছাড়া হাজারিবাগ থেকে চামড়া শিল্প সরিয়ে নেয়ার বিষয়ে হাই কোর্টের দেয়া রায়ও সরকার উপেক্ষা করেছে বলে সংস্থাটি অভিযোগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১৩৩৫ ঘ.
bdnews24