বরিশাল, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার বাসায় সোমবার রাতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আব্দুল বারেক হাওলাদারের নথুল্লাবাদের বাসা থেকে স্বর্ণালঙ্কার, একটি একনলা বন্দুক ও ৩৫ রাউন্ড গুলিসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।
গৃহকর্তা বারেক হাওলাদারে বরাত দিয়ে মহানগরীর বিমানবন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে রান্না ঘরের গ্রিল কেটে ৬/৭ জন সশস্ত্র ডাকাত ঘরে ঢোকে। এরমধ্যে তিনজন ছিল মুখোশধারী।
ডাকাতরা গৃহকর্তাকে পিস্তলের ভয় দেখিয়ে পরিবারের সদস্যের হাত-পা বেঁধে রাখে।
পরে আলমারি ভেঙে লাইসেন্স করা একটি একনলা বন্দুক, ৩৫ রাউন্ড গুলি, ৩০ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও নয় কেজি ধাতব মুদ্রাসহ মূল্যবান মালামাল লুট করে।
এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জনান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৫৪০ ঘ.
bdnews24